দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) বাঘমারা ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মধ্যরাত পর্যন্ত ছাত্রাবাসে উত্তেজনা বিরাজ করে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মীর হামিদুর ও মো. মোয়াজ চা স্টলে বসে থাকা অবস্থায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে বিষয়টি কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত মীর হামিদুর ও মো. মোয়াজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুবায়ের আহমেদ বলেন, আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি শিবিরুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাফিউল ইসলাম নামে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
এমএস/